যৌন হয়রানি প্রতিরোধে করণীয়, অভিযোগ দায়েরের প্রক্রিয়া, আইনি সহায়তা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম। এছাড়াও ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস-এর ডিন অধ্যাপক ড. প্রদীপ নন্দী ও রেজিস্ট্রার ড. পার মশিয়ূর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে যৌন হয়রানি প্রতিরোধে গঠিত ৭ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা পর্বে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি রেহানা সুলতানা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি “চুপ না থেকে মুখ খুলুন, আমরা আছি আপনার পাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষা, সহায়তামূলক কার্যক্রম, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ধাপসমূহ, যৌন হয়রানির সংজ্ঞা ও ধরন, ব্যক্তিগত অধিকার এবং মিথ্যা অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র আর্কিটেকচার প্রোগ্রামের বিভাগীয় প্রধান এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আর্কিটেক্ট রুবানা সাদিয়া আলম আইনি সহায়তা ও প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
বিজনেস ফ্যাকাল্টির অ্যাসোসিয়েট প্রফেসর নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভা শিক্ষার্থীদের প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয়।














