গতকাল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রুবেল হোসেন, নাসির হোসাইনসহ অন্যান্য ক্রিকেটাররা।
শান্ত-নিবাসের এতিম শিশুদের নিয়ে আয়োজিত এ শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠানে শিশুরা শুধু খেলা উপভোগই করেনি, বরং জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের হাত থেকে পেয়েছে খেলাধুলার উপহারসামগ্রী। পাশাপাশি শিশুদের বোলিং করিয়েছেন স্বয়ং নাসির ও রুবেল। প্রাণবন্ত এ আয়োজনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছে শিশু থেকে শুরু করে উপস্থিত দর্শকরা।
জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলামের নেতৃত্বে আসা ক্রিকেটারদের দলে আরও ছিলেন বিপিএল মাতানো মেহেদী রানা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় মার্শাল আয়ুব এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে খেলা আব্দুল হালিম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর সম্মানিত ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
প্রীতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি। ব্যাট হাতে মাঠে দেখা যায় রুবেল ও নাসিরকে। পাশাপাশি মার্শাল আয়ুবের ঝোড়ো ব্যাটিংয়ে ১২ ওভারে ১৪৮ রানের লক্ষ্য দাঁড় করায় নাসিরদের দল।
জবাবে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগের দল অধিনায়ক পারভেজ ও ওপেনার শুভর ব্যাটিংয়ে দারুণ সূচনা করে। শেষদিকে আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. রিয়ার হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় তুলে নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। যদিও ম্যাচটি ছিল নিছকই একটি প্রীতি ম্যাচ, তবুও মাঠজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশ।
ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ডিবিএ বিভাগের প্রধান অধ্যাপক ড. বেহযাদ নূর।
এ সময় আইন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নূরল হকের মাথায় নিজেদের স্বাক্ষর করা একটি টুপি পরিয়ে দেন নাসির, রুবেল, মার্শাল ও শফিউল। এ ছাড়া শফিউলের জাতীয় দলের জার্সি এবং খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি ব্যাট আইন বিভাগকে উপহার দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে এসে প্রীতি ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে এতিম শিশুদের উৎসাহিত করায় আমন্ত্রিত অতিথি ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
সবশেষে সভাপতি হিসেবে খেলোয়াড় ও আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আইন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নূরল হক।





