অধ্যাপক ড. বেহযাদ নূর শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিযুক্ত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (SMUCT)-এর কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. বেহযাদ নূর।গত ১৩ আগষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে চ্যান্সেলরের অনুমোদনক্রমে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. বেহযাদ নূর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ফেলোশিপের অধীনে একই বিশ্ববিদ্যালয় হতে এম.ফিল. ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ)-এ দীর্ঘ ১৬ বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে নতুন দায়িত্বে অধ্যাপক ড. বেহযাদ নূরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।