২১ ফেব্রুয়ারি ২০২৬
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ পালন করল দেশের প্রথম কর্মমুখী, সাংস্কৃতিক ও সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। দিবসটিকে কেন্দ্র করে ক্যাম্পাস প্রাঙ্গণ সজ্জিত হয় একুশের বাহারি আলপনায়।
প্রভাতে ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার পর কণ্ঠে একুশের গান এবং শহীদ বেদিতে অঞ্জলি ভরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম হোংহো কনফুশিয়াস ক্লাসরুম, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শান্ত-মারিয়াম ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজিসহ শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি ও দৈনিক আজকের প্রত্যাশার কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধের সূত্রপাত প্রসঙ্গ এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের বৃত্তান্তসহ তাৎপর্যপূর্ণ বিভিন্ন আলোচনায় অংশ নেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম এবং ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, ডেজিগনেটেড ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখ, ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য এবং ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টসের ডিন অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দীসহ বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূ রহমান এবং একুশের কবিতা আবৃত্তি করেন শান্ত-মারিয়াম হোংহো কনফুশিয়াস ক্লাসরুমের বাংলাদেশি পরিচালক প্রফেসর মো. মহিউদ্দিন তাহের।
পরে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এবং সবশেষ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের।
















