চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে জয়নুল জন্মবার্ষিকী পালন করল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়।

আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী-২০২৫। শ্রদ্ধা ও ভালোবাসায় দিবসটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস অনুষদ চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। তিনি তাঁর প্রাণবন্ত বক্তব্যে বিশ্ববরেণ্য এই শিল্পী যে শুধু আঁকাআঁকির মধ্যেই সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, গবেষণালব্ধ জাদুঘরসহ নানান সৃষ্টিতে ভাস্বর-সে কথাই বিভিন্ন তথ্য ও সূত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। এই শিল্পগুরুর পদাঙ্ক অনুসরণ করে আমরা কীভাবে সৃজনশীল শিল্পী হতে পারি এবং দেশ কীভাবে উপকৃত হতে পারে-সে কথাও তিনি বারংবার উল্লেখ করেন।


আজ ২৯ ডিসেম্বর মধ্যাহ্নে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ফ্যাকাল্টি সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস বিভাগের ডিন ও মিউজিক অ্যান্ড ড্যান্স প্রোগ্রামের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দীর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানের প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণির মোট ১০০টি চিত্রকর্ম স্থান পায়। অনুষ্ঠানে প্রদর্শিত চিত্রগুলো ঘুরে দেখে অতিথিবৃন্দ আজকের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।