শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন ঐতিহ্যিক পোশাক প্রদর্শনী ও শিল্পকলা ওয়ার্কশপ অনুষ্ঠিত

চীন ও বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক সাদৃশ্যের অনুসন্ধান এবং এর চর্চার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি জীবনমানের উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশ-চীন ঐতিহ্যিক পোশাক প্রদর্শনী ও শিল্পকলা ওয়ার্কশপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন।অনুষ্ঠানে ছেংদু ভকেশনাল ইউনিভার্সিটি অব লাইট ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর পু বিং ইউয়ান উভয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী ও ক্যারিয়ারবান্ধব শিক্ষা কার্যক্রমের মধ্যে চমৎকার সাদৃশ্য এবং অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের কথা তুলে ধরেন। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাঁদের বিশ্ববিদ্যালয় সফরের জন্য আন্তরিক আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা বিনিময়ের মাধ্যমে দুই দেশের শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের প্রধান অ‍্যাসোসিয়েট প্রফেসর আফরোজা হক ডেইজি ও তাঁর গ্রুপের সুনিপুণ পরিকল্পনা ও তত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি দেশীয় ঐতিহ্যবাহী নকশার বিভিন্ন পোশাক, নকশিকাঁথা, সুতাকাটার চরকা, হাতপাখা, কুলা, মৃৎশিল্প ও পুতুলসহ বিভিন্ন পণ্য দৃষ্টিনন্দন স্টলে নান্দনিকভাবে প্রদর্শন করা হয়।অনুরূপভাবে, ছেংদু ভকেশনাল ইউনিভার্সিটি অব লাইট ইন্ডাস্ট্রির শিক্ষক প্রতিনিধিরাও প্রজেক্টরের মাধ্যমে তাঁদের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পণ্য ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন এবং ঐতিহ্যবাহী চীনা হাত পাখার উপর অভিনব এক শু অ‍্যামব্রয়ডারী ওয়ার্কশপ পরিচালনা ও সনদ হস্তান্তর করেন।অনুষ্ঠানে কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ও বিভিন্ন বিভাগের প্রধানগণ, ছেংদু বিশ্ববিদ্যালয়ের পরিচালক মি. মাইক, সচিব মিস আইডাসহ অন্যান্য সফরসঙ্গী উপস্থিত ছিলেন।ছেংদু ভকেশনাল ইউনিভার্সিটি অব লাইট ইন্ডাস্ট্রি, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কনফুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশি পরিচালক প্রফেসর মহিউদ্দিন তাহের।