প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (এসএমইউসিটি)-এর মনোনীত কোষাধ্যক্ষ মরহুম প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনার আয়োজন করে।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের সন্তানগণ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এ সময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

গত সোমবার, ২৭ জুলাই, আনুমানিক রাত ৯টায় বনানী ডিওএইচএসে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।পরদিন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজার নামাজ ও বনানী ডিওএইচএসে নিজ বাসভবন এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনাসহ তাঁর সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার ব‍্যাপারে ভূয়সী প্রশংসা করেন সকলে।

উল্লেখ্য, মরহুম প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখ (৭৮) ২০১৩ সাল থেকে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয়ের মনোনীত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।