মধুপুর জাতীয় উদ্যানে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দিনব্যাপী মাঠকর্ম অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের ফল সেমিস্টারের বিএসএস (সম্মান) ও এমএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের প্রাথমিক তথ্য সংগ্রহ, গবেষণাপদ্ধতির ব্যবহারিক প্রয়োগ এবং পদ্ধতিগত গবেষণা পরিচালনায় দক্ষতা অর্জনের লক্ষ্যে ২৮ অক্টোবর ২০২৬ তারিখে টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে দিনব্যাপী মাঠকর্ম অনুষ্ঠিত হয়।

উক্ত মাঠকর্মে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধান প্রদান করেন বিভাগের সম্মানিত শিক্ষক জনাব মেহেদি হাসান, ড. খন্দকার মুর্শেদা ফারহানা, তাজিয়া সুলতানা, মো. মুশফিকুল আলম এবং সাবুহা আতিকী।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত অনুসন্ধিৎসা, সরাসরি তথ্য সংগ্রহের অভিজ্ঞতা এবং মধুপুরের স্থানীয় গ্রামীণ জনগোষ্ঠীর আন্তরিক সহযোগিতা মাঠকর্মটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শিক্ষণীয় ও তথ্যসমৃদ্ধ করে তোলে। এই মাঠকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব সামাজিক প্রেক্ষাপটে প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা, সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং গবেষণার বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

মাঠকর্ম শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়, যা তাঁদের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতায় একটি স্মরণীয় সংযোজন হয়ে থাকবে।

অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন, অফুরন্ত ভালোবাসা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করি, এই বাস্তবভিত্তিক গবেষণা অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Admission-Open-Gif (1)