শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নবনযিুক্ত কোষাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানালেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দগণ

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নবনযিুক্ত কোষাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানালেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দগণ
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. বেহযাদ নূরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. মো. আহসানুল কবিরসহ বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য- ড. আনজুমানআরা বেগম, আফরোজা বেগম, গোলাম তৌহিদ ও রিয়াসাত ইসলাম খান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ১৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক ড. বেহযাদ নূরকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. বেহযাদ নূর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফেলোশিপের অধীনে একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ)-এ দীর্ঘ ১৬ বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।