গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে বিশেষায়িত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।
‘তুলির আঁচড়ে অদম্য জুলাই’, ‘সবার উপরে বাংলাদেশ’ এবং ‘তোমাদের আত্মত্যাগ স্বর্ণখচিত হয়ে থাকবে হৃদয়ে’—এমন মর্মস্পর্শী বিভিন্ন উক্তি ও চিত্রসম্বলিত গ্রাফিতি অঙ্কনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
দেশ গঠনে বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে জুলাই শহীদদের আত্মত্যাগকে সার্থক করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তফিজুল হক।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তুলি হাতে গ্রাফিতি অঙ্কনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে উন্মুক্ত স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান।
অতঃপর জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী অত্র বিশ্ববিদ্যালয়ের অদম্য সাহসী শিক্ষার্থী ও জুলাইযোদ্ধা আন্দোলনের অত্যন্ত আবেগঘন ও বীরত্বপূর্ণ ঘটনাবলি বর্ণনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।












