শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি -এর ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের উদ্যোগে ৪৪তম ব্যাচের গ্র্যাজুয়েশন ফ্যাশন শো ১১ জুলাই (শনিবার) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
“Every Stitch Tells Our Story” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন ডিজাইনারদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা এবং সমসাময়িক ফ্যাশন-ভাবনার বহুমাত্রিক উপস্থাপনা তুলে ধরা হয়।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বিএসসিআইসি-এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও বাংলাদেশের আধুনিক কারুশিল্পের রূপকার-গবেষক ও বিশিষ্ট ডিজাইনার চন্দ্রশেখর সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি’র ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিটি বিভাগের প্রধান আফরোজা হক ডেইজিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং ফ্যাশন ও পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এবারের গ্র্যাজুয়েশন ফ্যাশন শোতে পাঁচটি স্বতন্ত্র থিমভিত্তিক কালেকশন উপস্থাপন করা হয়। এগুলো হলো—The Urban Grace (স্মার্ট ক্যাজুয়াল), Threads of Heritage (ঐতিহ্যবাহী পোশাক), Street Symphony (স্ট্রিটওয়্যার), Moonlit Elegance (ইভনিং ওয়্যার) এবং Eternal Bloom (ফেস্টিভ ও ব্রাইডাল অনুপ্রাণিত পোশাক)। প্রতিটি কালেকশনে নান্দনিক কারুশিল্প, আধুনিক ডিজাইন-ভাবনা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সৃজনশীল সমন্বয় ফুটে ওঠে, যা শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতার অনন্য বহিঃপ্রকাশ হিসেবে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জমকালো র্যাম্প শো, নবীন ডিজাইনারদের পরিচিতি, অতিথিদের বক্তব্য এবং ফ্যাশন ও পোশাকশিল্পের সহযোগী প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন, টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা, ডিজাইনার, নিয়োগদাতা, শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ও শিক্ষার্থীদের প্রতি তাঁদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
আলোচনা পর্বে আয়োজক বিভাগের ঊর্ধ্বতনরা বলেন, গ্র্যাজুয়েশন ফ্যাশন শো কেবল শিক্ষার্থীদের সৃজনশীল অর্জনের প্রদর্শনী নয়; এটি ডিজাইন শিক্ষা, গবেষণা, শিল্প-একাডেমিয়ার সহযোগিতা এবং বাংলাদেশের ফ্যাশন শিল্পের জন্য দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এসএমইউসিটির অঙ্গীকারেরও প্রতিফলন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাজীবনে প্রবেশের আগে তাঁদের প্রতিভা, দক্ষতা ও সক্ষমতা শিল্পখাতের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।






























