শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের ব্যতিক্রমধর্মী ‘হ য ব র ল’ মেলা অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এবং তাদের কোর্স মডিউলের অংশ হিসেবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাটের আদলে ব্যতিক্রমধর্মী ‘হ য ব র ল’ মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রুবানা সাদিয়া আলম। অনুষ্ঠানে বিভাগের প্রভাষক ফাতেমা বিনতে খালেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাঁশ, কাঠ ও ছনপাতার ছোঁয়ায় গ্রামীণ আবহে নির্মিত আকর্ষণীয় স্টলগুলোতে স্থান পায় গ্রামীণ চেকের বস্ত্র, পিঠা, আখের রস, নান্দনিক হস্তশিল্প ও মৃৎশিল্প, ফেস পেইন্টিং এবং আলতার আয়োজন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল পুতুলনাচ, লাইভ ক্যারিকেচার, মঞ্চ পরিবেশনা, বেলুন শুটিং ও বায়োস্কোপের মতো নানা বিনোদনমূলক আয়োজন।
প্রাণবন্ত এই আয়োজন শুধু একটি মেলাতেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাটুরে মেলার আবহ, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে সৃজনশীলভাবে তুলে ধরার এক অনন্য প্রয়াস। শিক্ষার্থীদের পরিকল্পনা, নান্দনিক উপস্থাপনা ও সৃজনশীলতায় মুখর এই আয়োজন দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

News & Events