আজ মঙ্গলবার সকালে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের শিক্ষার্থীদের ফান্ডামেন্টাল অব আর্ট এন্ড ডিজাইন শীর্ষক দ্বিতীয় বর্ষ মডিউল শ্রেণী কার্যক্রম।
১১৬জন শিক্ষার্থী তাদের সিলেবাসের সঙ্গে মিল রেখে নিজেদের কোনো বাস্তব ঘটনা বা জীবনের ছোট গল্প অবলম্বনে ১১৬টি পেইন্টিং প্রস্তুত করেছে। জিডিএমের ৫০তম ব্যাচের এই শিক্ষার্থীগণ নিজস্ব স্বাধীনতা ও মনের মাধুরি দিয়ে চিত্রায়ীত ট্যাপেস্ট্রি ধরণের এই কাজে রং, মার্কার ও পেন্সিলে নানান টেক্সচার ব্যবহার করেছেন। ফলে প্রত্যেকটি ছবিতে যেমন নতুনত্ব ছিল, তেমনি ছিল ভিন্নতা ও নিজস্ব স্বকীয়তা। বিশেষ করে ছবিতে প্রাকৃতিক মিশ্রণে থ্রিডি মুড ফুটিয়ে তুলতে কৃত্রিম লতাপাতা, গাছের ডাল, ফুল, মশারি, চামচ ও বালুসহ টিস্যু ও কাপড় ইত্যাদি ব্যবহৃত
হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, ডিজাইন এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য্য, ফাইন এন্ড পারফর্মিং আর্টসের ডিন অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দী, রেজিষ্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, জিডিএম এর বিভাগীয় প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর মোঃ সাইফুল ইসলাম ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা মিতাসহ ফ্যাকাল্টি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জিডিএম’র সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক মোঃ মনিরুল ইসলামের সার্বিক তত্বাবধানে পরিচালিত এ অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচিত ১৪টি ছবির চিত্রকরকে পুরস্কৃত করাসহ একজনকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।