নান্দনিক প্রদর্শনীর শিল্পমেলা
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে জিডিএম ডিপার্টমেন্টের পোর্টফোলিও ও এক্সিবিশন কোর্স প্রদর্শনী অনুষ্ঠিত।
দীর্ঘ শিক্ষাজীবন শেষে চূড়ান্ত পোর্টফোলিও প্রদর্শনী বলে কথা! নিজের সেরাটা দিয়ে রাত-দিন এক করে প্রস্তুতি নিয়েছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থীরা।
০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার রাজধানীর উত্তরায় ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্যসহ প্রচারণ কমিউনিকেশনস-এর ব্যবস্থাপনা পরিচালক শাহীন রহমান এবং সান কমিউনিকেশনস লিমিটেড-এর ক্রিয়েটিভ ডিরেক্টর তানভির সিকদার। উল্লেখ্য, এই দুইজন অত্র বিশ্ববিদ্যালয়ের জিডিএম ডিপার্টমেন্টের গর্বিত অ্যালামনাই। অনুষ্ঠানে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ৪৩তম ব্যাচের শিক্ষার্থীদের পোর্টফোলিও এবং এক্সিবিশন কোর্সের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় জীবনের চার বছরে বিভিন্ন সেমিস্টার ও কোর্স থেকে বাছাইকৃত সৃজনশীল প্যাকেজ ডিজাইন, পোস্টার ডিজাইন, পেপার অ্যাড ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন, থ্রিডি মডেলিং, টু-ডি ও থ্রিডি অ্যানিমেশনসহ আরও বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ প্রদর্শিত হয়। প্রদর্শনীটি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলমান ছিল।
অতিথিবৃন্দ প্রযুক্তিনির্ভর শিক্ষায় অনুপ্রাণিত হয়ে নজরকাড়া ডিসপ্লে ও যুগোপযোগী কনসেপ্টে প্রদর্শিত নিত্যনতুন ডিজাইনের পোর্টফোলিও’র ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদের গঠনমূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
২ জন কোর্স শিক্ষকের তত্ত্বাবধানে ফাইনাল সেমিস্টারের (৪৩তম ব্যাচ) সর্বমোট ৩৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই সৃজনশীল ডিজাইনভিত্তিক পোর্টফোলিও প্রদর্শনী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।




